সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারের যাত্রীদের জিম্মি করে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হাসান সোহাগ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হাসান সোহাগ উপজেলার নেওরগাছা পুরাতনপাড়ার আশরাফ আলী ওরফে ঝন্টুর ছেলে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে শাহজাদপুর থেকে চার ব্যক্তি প্রাইভেটকারযোগে উল্লাপাড়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের জংলীপুর জোড়া ব্রিজের কাছে পৌঁছালে ৪-৫টি মোটরসাইকেলে থাকা ১০-১২ জন যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িটি থামায়।
অভিযোগ রয়েছে, পরে তারা প্রাইভেটকারের যাত্রীদের জিম্মি করে চরঘাটিনা এলাকার একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় ভুক্তভোগীদের একজন বিশেষ কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। তবে হাসান সোহাগকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সোলায়মান হোসেন বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মামলা করেছেন।
ওসি মেহেদী হাসান জানান, মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। তদন্তের পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন