জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোতে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২০ কর্মদিবসে বিশ্ববিদ্যালয়ের ৪৮০ জন শিক্ষার্থী ডেঙ্গুর উপসর্গ নিয়ে রক্ত পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ৪৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্যাথলজি বিভাগের তথ্য অনুযায়ী, ২ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এসব পরীক্ষা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ঝোপঝাড়, জলাশয় ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। একজন শিক্ষার্থী আক্রান্ত হলে তার কক্ষসঙ্গী ও সহপাঠীদের মধ্যেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
তীব্র জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথা নিয়ে অনেক শিক্ষার্থী হলে থেকেই চিকিৎসা নিচ্ছেন। আবার কেউ কেউ অসুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়েছেন। এতে নিয়মিত ক্লাস ও পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। পাশাপাশি মশকনিধনের কার্যক্রমও নিয়মিত না থাকায় সন্ধ্যার পর মশার উপদ্রব বেড়ে যায়।
মশা নিয়ন্ত্রণে সপ্তাহে একবার স্প্রে করার নিয়ম থাকলেও ক্যাম্পাসে সর্বশেষ স্প্রে করা হয়েছে গত জুনে। নতুন উপকরণ কেনার জন্য জুলাইয়ে বাজেট চাওয়া হয়েছে। বাজেট পাওয়া গেলে শিগগিরই স্প্রে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এস্টেট অফিসের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান।
কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, শুধু উন্মুক্ত স্থানে ফগিং করে এডিস মশা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি নিয়মিত মশা জরিপ বা এন্টোমোলজিক্যাল সার্ভেইল্যান্স পরিচালনা করতে হবে।
মেডিকেল সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শামছুল আলম রোগীর চাপ বাড়ার কথা জানিয়ে দ্রুত ক্যাম্পাসের ঝোপঝাড় ও জমে থাকা পানি পরিষ্কারের তাগিদ দিয়েছেন।
জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে খুব শিগগিরই সংশ্লিষ্টদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীরা বলছেন, সচেতনতা কার্যক্রম ও সভার পাশাপাশি মাঠপর্যায়ে নিয়মিত মশকনিধন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা জরুরি। তা না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন