দেশে মাদকাসক্তি ও নৈতিকতাহীনতা বাড়ছে উল্লেখ করে এসব থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ জন্য প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা, স্কাউটিং ও নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মেধাবীদের হাত ধরেই আগামী বাংলাদেশ গড়ে উঠবে। দেশ গঠনে মেধাবীদের প্রয়োজন রয়েছে এবং তাদের যথাযথ সমর্থন দিতে হবে। এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে নেতৃত্ব, জনসম্পৃক্ততা, মানুষের প্রতি ভালোবাসা এবং দেশের জন্য আত্মত্যাগের শিক্ষা পাওয়া যায়। একইভাবে খেলাধুলার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, নৈতিকতা ও শৃঙ্খলা গড়ে ওঠে।
তরুণদের মাদক ও অনৈতিকতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে কীভাবে জনসম্পৃক্ত হতে হয়, নেতৃত্ব দিতে হয়, মানুষের প্রতি ভালোবাসা তৈরি করতে হয় এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে হয়—এসব শিক্ষা পাওয়া যায়। নেতৃত্বের বিকাশে এসব কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশে মাদকাসক্তি বাড়ছে এবং শিক্ষাব্যবস্থায় নৈতিকতার ঘাটতি রয়েছে। এ অবস্থা থেকে ফিরে আসতে হবে। এ জন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ তৈরি করা হয়েছে।
তিনি জানান, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফুটবলে যারা চ্যাম্পিয়ন হয়েছে, প্রধানমন্ত্রী তাদের পুরস্কৃত করেছেন। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পোশাক ও মিডডে মিলের ব্যবস্থাও করা হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন