নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার ভিন্ন এক চরিত্রে দেখা যাবে তাকে। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত আইস্ক্রিনের ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’-তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি।
চরিত্রের প্রয়োজনে তৌসিফকে একেবারে পেশাদার পাইলটের আদলে সাজতে হয়েছে। সাদা শার্ট, টাই, কালো প্যান্ট, কালো ক্যাপ, বুকের ওপর পাইলটের ব্যাজ এবং চোখে কালো চশমা—সব মিলিয়ে তাকে দেখে বোঝার উপায় ছিল না, তিনি অভিনয়ের জন্য পাইলটের সাজ নিয়েছেন।
সোমবার সকালে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে বিমানবন্দরে পাইলটের পোশাক পরে বেশ মজার অভিজ্ঞতার মুখোমুখি হন তৌসিফ। তিনি জানান, পোশাক পরে বিমানবন্দরে প্রবেশের পর অনেকেই তাকে সত্যিকারের পাইলট মনে করেছিলেন।
তৌসিফ বলেন, অভিনয় জীবনে বিভিন্ন চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। নতুন নতুন চরিত্রে প্রবেশের এই অভিজ্ঞতা তাকে আনন্দ দেয়। পাইলটের সাজে বিমানবন্দরে ঢোকার পর আশপাশের মানুষ তাকে অভিনেতা তৌসিফ মাহবুব হিসেবে চিনতে পারেননি। বরং পাইলট হিসেবেই তাকে সম্মান দেখাচ্ছিলেন।
অভিনেতার ভাষ্য, যারা নিয়মিত তার অভিনয় দেখেন, তারাও তাকে দেখে বিভ্রান্ত হচ্ছিলেন। অনেকেই দুই-তিনবার করে তার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টি বেশ উপভোগ করেছেন তিনি।
তৌসিফ জানান, বাংলাদেশের পাইলটদের পোশাক দেখে তার শারীরিক গড়ন অনুযায়ী পোশাকটি কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে। এমনকি এই মজার অভিজ্ঞতা উপভোগ করতে তিনি ইচ্ছা করেই কিছু সময় মানুষের মধ্যে ঘোরাফেরা করেছেন।
পাইলটের পোশাক পরার অনুভূতি জানিয়ে তৌসিফ বলেন, এই পোশাক পরে তিনি বুঝতে পেরেছেন পাইলট পেশাটি কতটা সম্মানের এবং গর্বের। পোশাকটির কারণে তিনিও কিছুটা সেই সম্মান অনুভব করেছেন।
মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, এটি বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই কনটেন্টের নামের সঙ্গে মিল থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়।
সোমবার কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ দিকের শুটিং চলছে। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন তিন লাক্স তারকা বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম ও নাযা নাওয়ার। আরও অভিনয় করছেন রেজওয়ানসহ অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন