বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে তাকে নোটিশ দেওয়া হয়েছে।
রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মিল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও গ্রহণ করা প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর তাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর।
দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি এখনো অনুসন্ধান পর্যায়ের অভিযোগ। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিতে পারে। আবার অভিযোগের সত্যতা না মিললে অনুসন্ধান নিষ্পত্তিও হতে পারে।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন। প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন তিনি অবসরে যান। সেনাপ্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেন।
শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুদক একাধিক অনুসন্ধান শুরু করেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন